সততা ও নিষ্ঠা সাথে কাজ করে মন্ত্রণালয়টিকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই- বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা
- প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬। ৩:২৪:৩৪ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় দক্ষপেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা তাদের পেশাগত দক্ষতা ও সততার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারেন।
তিনি আরোও বলেন, তাঁর বাবা যেভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তিনিও বাবার সততা ও আদর্শ ধারণ করে মানুষের জন্য কাজ করতে চান।
তিনি বলেন, “দোয়া করবেন, আমার বাবা যেভাবে আপনাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন, আমিও যেন আমার বাবার সেই সততা ও আদর্শ নিয়ে আপনাদের পাশে থাকতে পারি।”
মন্ত্রী বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল একটি মন্ত্রণালয়। বিভিন্ন ধরনের সমস্যা ও সিন্ডিকেটের কারণে এখানে কাজ করা সহজ নয়। তবে প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাস নিয়ে তিনি দায়িত্ব পেয়েছেন এবং নিজের সততা অক্ষুণ্ন রেখে সর্বোচ্চ চেষ্টা করে যেতে চান।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড মুন্নু ক্যাফেটেরিয়ায় জেলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা বলেন, “অনেকে মনে করেন বিমান মন্ত্রণালয় ভেজাল, অনিয়ম কিংবা ফাঁকিবাজির জায়গা। আমি সেই ধারণা পরিবর্তন করে মন্ত্রণালয়টিকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। দায়িত্ব নেওয়ার পর প্রতিটি সেক্টরে গিয়ে আমি বিশাল সম্ভাবনা দেখতে পেয়েছি। এটি শুধু লোকসানের কোনো প্রকল্প নয়। আমরা যদি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করি, তাহলে বাংলাদেশ বিমানের নাম পৃথিবীর বুকে আরও উজ্জ্বল হবে।”
তিনি আরও বলেন, “আমি কতটুকু পারব জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি। আমি সারাজীবন মন্ত্রণালয়ে থাকব না, একদিন চলে যেতে হবে। কিন্তু যাওয়ার পর মানুষ যদি বলে—‘আপা এসেছিলেন, আপা পরিবর্তনের শুরুটা করে দিয়ে গেছেন’, তাহলে সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া হবে।”
মানিকগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন তিনি মানিকগঞ্জের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তাই তাঁর দায়িত্বও অনেক বেড়ে গেছে। এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হলে স্থানীয় জনগণের সহযোগিতা, আন্তরিকতা ও পরামর্শ প্রয়োজন।
তিনি বলেন, “কাজ একা করা যায় না। আপনাদের সহযোগিতা ও আন্তরিকতা আমার প্রয়োজন। নির্বাচনের সময় তড়িঘড়ি করে মানুষের কাছে যেতে চাই না। আমরা এখন থেকেই মানুষের জন্য কাজ করতে চাই। আগামী নির্বাচনের সময় যেন ঘরে বসে থাকতে পারি, মানুষ যেন আমাদের কাজের মূল্যায়ন করে ভোট দেয়—আমরা সেই রাজনীতি ও সেই উন্নয়ন চাই।”
মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। জনগণের কল্যাণে কাজ করে মানুষের আস্থা অর্জনই তাঁর প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের পক্ষে এফ,সি,এ মো. গোলাম নবীর সভাপতিত্বে বক্তব্য দেন এফসিএ আব্দুল মতিন, এফ,সি,এম,এ জসীমউদ্দীন, এফ,সি,এম, ইউনুছ আলী, এফ,সি, এ এখলাস উদ্দিন সহ অন্যরা।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী আফরোজা খানম রিতাকে ফুলের শুভেচ্ছা ও সন্মাননা ক্রেষ্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা উপস্থিত ছিলেন।
জাতীয় | ১৪ আগস্ট ২০২৬
সততা ও নিষ্ঠা সাথে কাজ করে মন্ত্রণালয়টিকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই- বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা






















