অসহায় মানুষ যেন আইনের সুরক্ষা থেকে বঞ্চিত না হয় : মানিকগঞ্জে বিমান মন্ত্রী রিতা
- প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬। ১০:২৭:৪৯ এএম
অসহায় মানুষ যেন আইনের সুরক্ষা থেকে বঞ্চিত না হয়-এক্ষেত্রে বিচারক ও আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
আজ মঙ্গলবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা আরো বলেছেন, বিবেদ করে কোন লাভ হয় না। বিবেদ করে, দ্বন্দ করে, সংঘর্ষ করে, কোন লাভ হয় না। কিন্তু মিলে থাকার মধ্যে অনেক আনন্দ আছে। তখন একটা কাজ করতে অনেক সহজ হয়। আপনার মনে যখন ভাল চিন্তা থাকবে তখন মনটাও ফুরফুরা থাকবে। আর আপনি যদি সারাক্ষণ চিন্তা করেন আমি ওর ক্ষতি করব আমি ওকে এটা করতে চাই তাহলে একটা মানসিক অশান্তিতে থাকা হয়। এটা ভাল পরিবেশ না।
লিগ্যাল এইডের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে মন্ত্রী আরো বলেন, ২০০০ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই লিগ্যাল এইড কমিটিটা উনার হাত দিয়ে হয়েছিল। তখন থেকে এই যাত্রা শুরু হয়েছিল। তখন এটা একটা সংস্থা হিসেবে ছিল। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটাকে অধিদপ্তরে পরিণত করেছে। তার অর্থ যাতে জনগণ আরো বেশী সহযোগীতা পায় । জনগণের সুযোগ সুবিধাটা দেখার জন্য এটাকে অধিদপ্তরে পরিণত করা হয়েছে।
এর আগে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকে এম তোফায়েল হাসানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের সিনিয়র বিচারক আফসান জগলুল হোসেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রাড আদালতের বিচারক মাহমুদুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেড নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. জামিলুর রশিদ খান, বিজ্ঞ পিপি এ্যাড. আ ফ ম নূরতাজ আলম বাহার, জিপি এ্যাড. আওয়াল খান, সিভিল সার্জন মোফাখখারুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জসিম উদ্দিন আহম্মেদ সহ অন্যান্য বিচারক ও আইনজীবীরা।
এছাড়াও একই স্থানে পরবর্তী আরেক অনুষ্ঠানে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভূক্ত ৭৩ জন নবীন আইনজীবীদের সংবর্ধনা দেয় মন্ত্রী আফরোজা খানম রিতা। এসময় তিনি নতুন সনদপ্রাপ্ত আইনজীবীদের নিজ হাতে গাউন পড়িয়ে দেন।
জাতীয় | ২৮ এপ্রিল ২০২৬
অসহায় মানুষ যেন আইনের সুরক্ষা থেকে বঞ্চিত না হয় : মানিকগঞ্জে বিমান মন্ত্রী রিতা






















