বাংলাদেশ-মালদ্বীপ পর্যটন সহযোগিতা জোরদারে আলোচনা
- প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬। ১১:৩৭:১৪ এএম
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এইচ.ই. শিউনিন রশীদ। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন, বিশেষত কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারেও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে দুই দেশের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময়, পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং যৌথ বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।
রাষ্ট্রদূত শিউনিন রশীদ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
জাতীয় | ২৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-মালদ্বীপ পর্যটন সহযোগিতা জোরদারে আলোচনা






















