বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট সরকারের ফাঁসি কার্যকর করতে চায়: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
- প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬। ৯:৩৭:৪৬ এএম
বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট সরকারের ফাঁসি কার্যকর করতে চায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ‘নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিতাড়িত ফ্যাসিস্ট আসতে চায়। যে ফ্যাসিস্ট সরকার খুন, গুম ও হত্যা করেছে, শিশুদের হত্যা করেছে, আলেমদের হত্যা করেছে। জনগণ ঐক্যবদ্ধভাবে সেই জালেম সরকারকে বিতাড়িত করেছে।’
স্থানীয় মৎস্য খামারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘সারা বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীকে কিভাবে স্বাবলম্বী করা যায় সে লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সরকার। প্রান্তিক খামারিরা নিজেদেরকে যেন স্বাবলম্বী করে তুলতে পারে সেজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের পাশাপাশি মৎস্য খামারী গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করে গিয়েছেন।’
উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মজিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরসহ উপকারভোগীরা।
আলোচনা সভা শেষে অর্ধশত দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
রাজনীতি | ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট সরকারের ফাঁসি কার্যকর করতে চায়: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

















